etcnews
ঢাকাSaturday , 11 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

কথিত পীরকে পিটিয়ে হত্যা, আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ

etcnews
April 11, 2026 7:47 pm
Link Copied!

কুষ্টিয়ার দৌলতপুর উপজেলায় ধর্ম অবমাননার অভিযোগকে কেন্দ্র করে এক ব্যক্তিকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করার ঘটনা ঘটেছে। একই সঙ্গে তার প্রতিষ্ঠিত আস্তানায় ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। শনিবার (আজ) বেলা আড়াইটার দিকে উপজেলার ফিলিপনগর ইউনিয়নের ফিলিপনগর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম শামীম রেজা, যিনি জাহাঙ্গীর নামেও পরিচিত। তিনি ওই গ্রামের মৃত জেছের আলীর ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকায় পড়াশোনা শেষে তিনি শিক্ষকতা পেশায় যুক্ত ছিলেন। পরে নিজ এলাকায় ফিরে এসে একটি আস্তানা গড়ে তোলেন।

কুষ্টিয়ার পুলিশ সুপার মোহাম্মদ জসীম উদ্দীন বিকেল পৌনে পাঁচটার দিকে গণমাধ্যমকে জানান, সামাজিক যোগাযোগমাধ্যমে শামীম রেজার একটি পুরোনো ভিডিও নতুন করে ছড়িয়ে পড়ে, যেখানে ইসলাম ধর্ম নিয়ে আপত্তিকর বক্তব্য রয়েছে বলে অভিযোগ ওঠে। ভিডিওটি সম্প্রতি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা সৃষ্টি হয় এবং একপর্যায়ে স্থানীয়রা হামলা চালায়।

তিনি আরও বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে শামীম রেজাকে উদ্ধার করার চেষ্টা করলেও বিক্ষুব্ধ জনতার তুলনায় পুলিশ সদস্য সংখ্যা কম থাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। পরে হামলাকারীরা তাকে পিটিয়ে হত্যা করে।

ঘটনার পর এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানান পুলিশ সুপার। এছাড়া ভিডিওটি কীভাবে নতুন করে ছড়িয়ে পড়ল, তা খতিয়ে দেখা হচ্ছে।

উল্লেখ্য, ২০২১ সালের মে মাসে ধর্মীয় অনুভূতিতে আঘাতসহ বিভিন্ন অভিযোগে শামীম রেজার বিরুদ্ধে দৌলতপুর থানায় একটি মামলা হয়। সে সময় তাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছিল। দীর্ঘদিন কারাভোগের পর মুক্তি পেয়ে তিনি পুনরায় একই ধরনের কর্মকাণ্ডে জড়িয়েছেন বলে অভিযোগ রয়েছে।

স্থানীয়দের দাবি, তিনি প্রকাশ্যে পবিত্র কোরআন সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেছিলেন, যা ধর্মপ্রাণ মানুষের মধ্যে ক্ষোভ সৃষ্টি করে। সকাল থেকেই এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছিল, যা শেষ পর্যন্ত সহিংস রূপ নেয়।

এসএসকে/

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।