বাগেরহাট প্রতিনিধি:
বজ্রপাতের ঝুঁকি কমাতে বাগেরহাটের শরণখোলায় ২৫ হাজার তালবীজ রোপণ প্রকল্পের উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে শরণখোলা উপজেলা পরিষদ মিলনায়তনে ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশের আয়োজনে এ প্রকল্পের উদ্বোধন করা হয়। এসময় উপস্থিত ছিলেন, শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকার, শরণখোলা উপজেলা বিএনপিরর সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার, শরণখোলা বনবিভাগের সহকারী রেঞ্জ কর্মকর্তা মো. খলিলুর রহমান, ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশের প্রধান নির্বাহী পরিচালক আসাদুজ্জামান। এছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন।
আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তনের প্রভাবে বজ্রপাতের প্রবণতা বাড়ছে। বজ্রপাতের ক্ষয়ক্ষতি কমানোর পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় তালগাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শরণখোলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, সড়কের পাশে ও উপযুক্ত স্থানে পর্যায়ক্রমে ২৫ হাজার তালবীজ রোপণ করা হবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, শুধু তালবীজ রোপণ করলেই হবে না, রোপণ করা গাছগুলো নিয়মিত পরিচর্যা ও সংরক্ষণ করতে হবে। একই সঙ্গে বজ্রপাতের সময় করণীয় সম্পর্কে সাধারণ মানুষ ও শিক্ষার্থীদের সচেতন করাও জরুরি।
একটি তালগাছ বড় হতে সময় লাগে। তাই এখন থেকেই বেশি বেশি তালগাছ লাগানো গেলে ভবিষ্যতে বজ্রপাতের ঝুঁকি মোকাবিলার পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ইতিবাচক ভূমিকা রাখা সম্ভব হবে। প্রকল্পের মাধ্যমে শরণখোলার বিভিন্ন এলাকায় পর্যায়ক্রমে ২৫ হাজার তালবীজ রোপণ করা হবে। স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থীদেরও এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণে সম্পৃক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
শরনখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজোয়ান ইফতেকার বলেন, উপজেলার বিভিন্ন এলাকায় তালবীজ রোপণ একটি সময়োপযোগী।সেচ্ছাসেবী সংগঠন ক্লাইমেট অ্যালায়েন্স বাংলাদেশের মত অন্য সংগঠনগুলো এগিয়ে আসলে বজ্রপাতের ঝুঁকি কমবে বলে জানান তিনি।
/কানিজ/অলি রহমান

