বাগেরহাট প্রতিনিধি:
বাগেরহাটে লতিফ মাস্টার ফাউন্ডেশনের অন্যতম প্রতিষ্ঠান স্কিল ইনস্টিটিউট অব টেকনোলজি (SKILL-IT) পরিদর্শন করেছেন ব্রিটিশ হাইকমিশন ও এশিয়া ফাউন্ডেশনের একটি প্রতিনিধি দল।
সোমবার, ১৪ সেপ্টেম্বর, দুপুরে বাগেরহাট জেলা প্রশাসকের ভবনের উল্টোপাশে অবস্থিত SKILL-IT পরিদর্শন করেন প্রতিনিধি দলের সদস্যরা।
প্রতিনিধি দলে ছিলেন ব্রিটিশ হাইকমিশনের গভর্নরস অ্যাডভাইজার মিস লুইস বেইনন , এশিয়া ফাউন্ডেশনের টিম লিডার সারা এল টেইলর, ব্রিটিশ হাইকমিশনের গভর্নরস অ্যাডভাইজার মিস শাহনাজ করিম, ব্রিটিশ হাইকমিশনের পলিটিক্যাল কাউন্সিলর মিস রোজি কুম্ব এবং রূপান্তরের নির্বাহী পরিচালক মো. রফিকুল ইসলামসহ অন্যরা।
পরিদর্শনকালে প্রতিনিধি দলের সদস্যরা SKILL-IT-এর চলমান প্রশিক্ষণ কার্যক্রম, প্রশিক্ষণ অবকাঠামো এবং বিভিন্ন দক্ষতা উন্নয়ন উদ্যোগ ঘুরে দেখেন। পরে স্থানীয় বিভিন্ন সিভিল সোসাইটি ও উন্নয়ন সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে একটি মতবিনিময় সভায় অংশ নেন তারা।
মতবিনিময় সভায় বিদেশে দক্ষ জনবল তৈরি, বেকারত্ব হ্রাস এবং যুবসমাজের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করা হয়। পেশাভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি কেয়ারগিভিং ও জাপানিজ ভাষা প্রশিক্ষণকে আরও কার্যকর করার বিষয়েও আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে স্থানীয় পর্যায়ে দক্ষতা বৃদ্ধি, স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহার এবং কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব।
প্রতিনিধি দলের সদস্যরা লতিফ মাস্টার ফাউন্ডেশনের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমের প্রশংসা করেন। বিশেষ করে শিক্ষা, দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, সামাজিক সেবা ও মানবিক কার্যক্রমের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে ফাউন্ডেশনের উদ্যোগের প্রশংসা করেন তারা।
স্থানীয় পর্যায়ে দক্ষ মানবসম্পদ গড়ে তুলে কর্মসংস্থানের সুযোগ তৈরিতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
/কানিজ/অলি রহমান

