ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রমে আগামী তিন মাস মাঠে থাকবে প্রত্যাশীর যুব উদ্যোগ ও স্বেচ্ছাসেবী গ্রুপ ইয়ুথ ভলান্টিয়ার অ্যালায়েন্স (ওয়াইভিএ)। আজ থেকে শুরু হওয়া জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬ আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত চলবে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও দপ্তর, স্থানীয় প্রশাসন, সিটি করপোরেশন, পৌরসভা, স্বেচ্ছাসেবী ও বেসরকারি সংগঠনসহ সংশ্লিষ্ট অংশীজন অংশ নিচ্ছেন। জাতীয় পর্যায়ে কর্মসূচির উদ্বোধনের পর মাঠপর্যায়ে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম পরিচালিত হবে।
এ কার্যক্রমে প্রত্যাশীর ৫০০ স্বেচ্ছাসেবক ঢাকার দুই সিটি করপোরেশন—ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণ—এলাকায় কাজ করবেন। তারা স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এডিস মশার প্রজননস্থল শনাক্ত ও ধ্বংস, জমে থাকা পানি অপসারণ, আবর্জনা পরিষ্কার এবং জনসচেতনতা তৈরির কার্যক্রমে অংশ নেবেন।
প্রত্যাশীর স্বেচ্ছাসেবী গ্রুপ ওয়াইভিএর নেটওয়ার্ক দেশের ৫৭ জেলায় বিস্তৃত। ঢাকার পাশাপাশি এসব জেলাতেও স্থানীয় পর্যায়ে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করা হবে। স্থানীয় সরকার, প্রশাসন এবং সংশ্লিষ্ট সরকারি-বেসরকারি অংশীজনের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে নিজ নিজ এলাকায় স্বেচ্ছাসেবকেরা এসব কার্যক্রম বাস্তবায়ন করবেন।
ওয়াইভিএর এ কার্যক্রম দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাধ্যমে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সঙ্গে চলমান স্বেচ্ছাসেবক কার্যক্রমের ধারাবাহিক অংশ। বাংলাদেশ সরকারের এক লাখ নগর দুর্যোগ স্বেচ্ছাসেবক তৈরির উদ্যোগের আওতায় প্রত্যাশীও স্বেচ্ছাসেবকদের সংগঠিত ও প্রস্তুত করছে। ইতোমধ্যে প্রশিক্ষণ ও স্বেচ্ছাসেবী নেটওয়ার্ককে কাজে লাগিয়ে দুর্যোগের পাশাপাশি জনস্বাস্থ্য, পরিবেশ ও সামাজিক সচেতনতামূলক কার্যক্রমে অংশ নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
প্রত্যাশী জানিয়েছে, ডেঙ্গু প্রতিরোধে শুধু একদিনের পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং আগামী তিন মাস নিয়মিতভাবে মাঠপর্যায়ে কার্যক্রম চালানো হবে। এর মাধ্যমে ডেঙ্গুর প্রজননস্থল কমানোর পাশাপাশি নাগরিকদের নিজ নিজ বাসাবাড়ি ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে সচেতন করা হবে।
/কানিজ/মোতাহার

