শরীয়তপুর প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার বর্ধিত কমিটিতে যুগ্ম আহ্বায়ক হিসেবে মনোনীত হয়েছেন জেলার ত্যাগী ও সংগ্রামী ছাত্রনেতা ইমাম হোসেন মোল্লা। দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা এবং তৃণমূলের নেতাকর্মীদের সঙ্গে নিবিড় সম্পৃক্ততার স্বীকৃতি হিসেবে তাঁর এ মনোনয়নকে ইতিবাচকভাবে দেখছেন দলীয় নেতাকর্মীরা।
শনিবার (১ আগস্ট ২০২৬) বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক পত্রে এ বর্ধিত কমিটির অনুমোদন দেওয়া হয়।
দলীয় ও স্থানীয় সূত্র জানায়, শরীয়তপুরের ঐতিহ্যবাহী মোল্লা পরিবারের সন্তান ইমাম হোসেন মোল্লা ছাত্রজীবনের শুরু থেকেই জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে সম্পৃক্ত। বিভিন্ন আন্দোলন-সংগ্রাম, সাংগঠনিক কার্যক্রম ও দলীয় কর্মসূচিতে দায়িত্বশীল ভূমিকা পালন করে তিনি কর্মীদের আস্থা অর্জন করেছেন। তাঁর নেতৃত্বগুণ, সাংগঠনিক দক্ষতা এবং ত্যাগী ভূমিকার কারণে তিনি জেলা ছাত্রদলের রাজনীতিতে একজন সুপরিচিত ও গ্রহণযোগ্য নেতা হিসেবে পরিচিত।
যুগ্ম আহ্বায়ক হিসেবে তাঁর মনোনয়নের সংবাদ ছড়িয়ে পড়ার পর শরীয়তপুর জেলা ছাত্রদল, বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা দেয়। সামাজিক যোগাযোগমাধ্যমে অসংখ্য নেতাকর্মী ও শুভাকাঙ্ক্ষী তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান। অনেকেই তাঁর সফল নেতৃত্বে জেলা ছাত্রদল আরও শক্তিশালী ও সুসংগঠিত হবে বলে আশা প্রকাশ করেন।
এব্যাপারে শরীয়তপুর জেলা ছাত্রদলের নবনিযুক্ত যুগ্ম আহ্বায়ক ইমাম হোসেন মোল্লা বলেন, “কেন্দ্রীয় নেতৃত্ব আমার ওপর যে আস্থা রেখেছেন, তার জন্য আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ। এই দায়িত্ব সততা, নিষ্ঠা ও জবাবদিহিতার সঙ্গে পালন করব। সংগঠনকে আরও ঐক্যবদ্ধ, গতিশীল ও শক্তিশালী করতে সর্বোচ্চ চেষ্টা থাকবে। দলের আদর্শ বাস্তবায়ন এবং গণতান্ত্রিক আন্দোলনে ছাত্রদলের ভূমিকা আরও কার্যকর করতে কাজ করে যাব। এ জন্য আমি দলের সিনিয়র নেতৃবৃন্দ, সহকর্মী, শুভাকাঙ্ক্ষী এবং সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করছি।”

