শরীয়তপুর প্রতিনিধি:
শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসনের দুইবারের নির্বাচিত সাবেক সংসদ সদস্য, বীর মুক্তিযোদ্ধা এবং বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য কে. এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেবের ১৩তম মৃত্যুবার্ষিকী আগামী সোমবার (৩ আগস্ট ২০২৬)।
দিবসটি উপলক্ষে তার স্ত্রী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ দেশ-বিদেশে অবস্থানরত আত্মীয়স্বজন, শুভানুধ্যায়ী, রাজনৈতিক সহকর্মী এবং সর্বস্তরের মানুষের কাছে মরহুমের রুহের মাগফিরাত কামনায় দোয়া চেয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন তাদের ছেলে আয়মান অর্জন।
জানা যায়, ২০১৩ সালের ৩ আগস্ট ঢাকা থেকে দলীয় একটি ইফতার মাহফিলে যোগ দিতে শরীয়তপুরে যাওয়ার পথে মুন্সীগঞ্জের মেদেনী মণ্ডল এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় কে. এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেব নিহত হন। ওই দুর্ঘটনায় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের আরও ছয়জন নেতাকর্মীও প্রাণ হারান। তার মৃত্যুতে শরীয়তপুরসহ দেশের রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
১৯৫৫ সালে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দক্ষিণ ডামুড্যা গ্রামে জন্মগ্রহণ করেন কে. এম হেমায়েত উল্যাহ আওরঙ্গজেব। তিনি ১৯৯১ সালে আওয়ামী লীগের মনোনয়নে শরীয়তপুর-১ (পালং-জাজিরা) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। পরবর্তীতে ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে পুনরায় সংসদ সদস্য নির্বাচিত হয়ে বিএনপিতে যোগ দেন। এরপর তিনি বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসন থেকেও জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন।
রাজনৈতিক জীবনে তিনি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ব্যক্তিজীবনে তিনি একজন সজ্জন, জনবান্ধব ও সাহসী রাজনৈতিক নেতা হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তার সহধর্মিণী অ্যাডভোকেট তাহমিনা আওরঙ্গ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।
মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিলসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে।
/কানিজ/কাওছার

