etcnews
ঢাকাMonday , 27 July 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

এআই ছবির ঝড় তুললেন ট্রাম্প, দিচ্ছেন সামরিক শক্তি ও রাজনৈতিক বার্তা

etcnews
July 27, 2026 10:57 am
Link Copied!

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি একাধিক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন। এসব ছবিতে তিনি ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি তুলে ধরার পাশাপাশি ২০২৮ সালের নির্বাচনী প্রচারের বিভিন্ন রাজনৈতিক বার্তাও দিয়েছেন।রবিবার নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ছবিগুলো পোস্ট করেন ট্রাম্প। ছবিগুলোতে যুদ্ধ, সামরিক অভিযান, সমুদ্রে অভিযান, ভবিষ্যতের প্রতিরক্ষা ব্যবস্থা, যুক্তরাষ্ট্রের ইতিহাস এবং নির্বাচনী প্রচারের নানা বিষয় তুলে ধরা হয়েছে। প্রথম দফায় প্রকাশিত ছবিগুলোর বেশিরভাগই ছিল মধ্যপ্রাচ্য এবং ইরানকে কেন্দ্র করে। ‘গার্ডিয়ানস অব দ্য ওয়ার্ল্ড’ শিরোনামের একটি ছবিতে ট্রাম্পকে বিশাল আকৃতিতে দিগন্তের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।তার সামনে ‘ইউএসএ’ লেখা যুক্তরাষ্ট্রের একটি গোপন যুদ্ধবিমান উড়ছে। নিচে ‘ইরান’ লেখা একটি স্থল লক্ষ্যবস্তুতে বড় বিস্ফোরণ দেখানো হয়েছে। একই সঙ্গে সমুদ্রে মার্কিন যুদ্ধজাহাজ টহল দিচ্ছে।
‘স্ট্রাইক অন খার্গ’ শিরোনামের আরেকটি ছবিতে ইরানের খার্গ দ্বীপের প্রধান তেল টার্মিনালে বিমান হামলার দৃশ্য দেখানো হয়েছে।
সেখানে যুদ্ধবিমান, বড় আগুন, ঘন কালো ধোঁয়া এবং জ্বলতে থাকা তেলের ট্যাংক দেখা যায়। ‘ইটস আওয়ার অয়েল ট্যাঙ্কার নাউ!’ শিরোনামের আরেকটি ছবিতে ট্রাম্প ও অস্ত্রধারী মার্কিন সেনাদের একটি ইরানি জাহাজের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা যায়। একই সময়ে মধ্যপ্রাচ্যের ঐতিহ্যবাহী পোশাক পরা কয়েকজন মানুষ সমুদ্রে ঝাঁপ দিচ্ছেন। পেছনে একটি মার্কিন বিমানবাহী রণতরীও দেখা যায়। ‘নো মোর ইঞ্জিনস’ শিরোনামের আরেকটি ছবিতে একটি ইরানি তেলবাহী জাহাজকে ক্ষতিগ্রস্ত অবস্থায় দেখানো হয়েছে।জাহাজটির পেছনের অংশ উড়ে গেছে এবং সেখান থেকে আগুন ও কালো ধোঁয়া বের হতে দেখা যায়।আরো কয়েকটি ছবিতে ট্রাম্পকে যুদ্ধজাহাজ পরিচালনা করতে এবং যুদ্ধক্ষেত্রে সেনাবাহিনীকে নির্দেশ দিতে দেখা যায়। একটি ছবিতে তার মাথায় ‘এফএএফও’ লেখা একটি টুপি রয়েছে। ট্রাম্প শেয়ার করা ছবিগুলোর মধ্যে একটি চার্টও ছিল। সেখানে আগের মার্কিন প্রেসিডেন্টদের আমলে ভিয়েতনাম ও ইরাক যুদ্ধের মতো দীর্ঘমেয়াদি সংঘাতের সঙ্গে তার সময়ের স্বল্পমেয়াদি সামরিক অভিযানের তুলনা করা হয়েছে। চার্টে দাবি করা হয়েছে, চার মাসের ‘ইরান সামরিক সংঘাত’-এ ১৮ জন নিহত হয়েছেন। আর ১ দিন স্থায়ী ‘ভেনেজুয়েলা যুদ্ধ’-এ কোনো প্রাণহানি ঘটেনি। দ্বিতীয় দফার ছবিগুলোতে ট্রাম্প মূলত রাজনৈতিক প্রচার এবং নিজের ভাবমূর্তি তুলে ধরেন।

‘গিভ দ্য এনিমি নাইটমেয়ার্স’ শিরোনামের একটি ছবিতে ট্রাম্পকে অন্ধকার ও কুয়াশাচ্ছন্ন বনের মধ্যে হাঁটতে দেখা যায়। তার চারপাশে লাল জ্বলজ্বলে চোখওয়ালা সৈন্য রয়েছে। ছবিতে বড় অক্ষরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা ছিল। আরেকটি ছবির শিরোনাম ছিল ‘কসমিক কমান্ডার’। বিজ্ঞান কল্পকাহিনিভিত্তিক এই পোস্টারে মহাকাশের পটভূমিতে ট্রাম্পের বড় মুখাবয়ব দেখানো হয়েছে। চারপাশে ভবিষ্যতের মহাকাশযান এবং সামরিক মহাকাশ বাহিনীর প্রতীকও রয়েছে। আরেকটি ছবিতে ট্রাম্পকে যুক্তরাষ্ট্রের প্রতিষ্ঠাতা নেতা জর্জ ওয়াশিংটন, থমাস জেফারসন এবং আলেকজান্ডার হ্যামিলটনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। ছবিটির স্লোগান ছিল ‘আমেরিকা ফার্স্ট’। আরেকটি ছবিতে গাঢ় রঙের পটভূমিতে ‘প্ল্যান ট্রাস্টেড’ লেখা দেখা যায়। এ ছাড়া ‘ট্রাম্প ২০২৮’ ব্যানারের অধীনে নিজের, মার্কিন সেনাবাহিনী এবং সাধারণ মানুষের আরো কয়েকটি এআই-নির্মিত ছবি পোস্ট করেছেন ট্রাম্প।ট্রাম্পের এসব পোস্ট এমন সময় প্রকাশিত হলো, যখন ‘দ্য নিউইয়র্ক টাইমস’ জানিয়েছে, তিনি আপাতত ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালানোর পরিকল্পনা স্থগিত রেখেছেন। প্রতিবেদনে বলা হয়, প্রতিরক্ষা কর্মকর্তারা মধ্যপ্রাচ্যে পেন্টাগনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার অস্ত্রের মজুদ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। বিশেষ করে তারা সতর্ক করেছেন, বড় আকারের সামরিক অভিযান চালানো হলে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার প্রতিরোধক ক্ষেপণাস্ত্রের মজুদ বিপজ্জনকভাবে কমে যেতে পারে। কর্মকর্তাদের মতে, এতে মধ্যপ্রাচ্যে অবস্থানরত মার্কিন সেনা, উপসাগরীয় অঞ্চলের মিত্র দেশ এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পাল্টা হামলার বেশি ঝুঁকিতে পড়বে। পাশাপাশি বড় ধরনের সামরিক সংঘাত শুরু হলে অর্থনৈতিক অস্থিরতা এবং আঞ্চলিক সংকট আরো বাড়তে পারে বলেও তারা আশঙ্কা প্রকাশ করেছেন।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।