etcnews
ঢাকাTuesday , 19 May 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ঈদে ছোট পর্দায় আসছে ৪ সিনেমা

etcnews
May 19, 2026 5:33 pm
Link Copied!

ঈদুল ফিতরে মুক্তি পাওয়া আলোচিত চার সিনেমা রাক্ষস, ‘বনলতা এক্সপ্রেস,’ ‘দম’ ও প্রিন্স এবার মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্মে। আগামী ২৪ মে থেকে ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম হইচইয়ে দেখা যাবে ‘বনলতা এক্সপ্রেস’। আর ২১ মে থেকে চরকিতে স্ট্রিমিং হবে ‘দম’। অন্যদিকে ঈদে মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ সিনেমা ও সিয়াম অভিনীত ‘রাক্ষস’ মুক্তি পেতে চলেছে নতুন ওটিটি প্লাটফর্ম উৎসব-এ। ২১ মে থেকে থেকে শুরু হবে সিনেমার গুলোর স্ট্রিমিং।

তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ নির্মিত হয়েছে হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে। গত ঈদে মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক উন্মাদনা দেখা যায়। ঈদুল ফিতরে মুক্তির পর থেকে সিনেমাটির বাংলাদেশ থেকে এখন পর্যন্ত আয় ১৪ কোটি টাকার বেশি। বিদেশের বাজারসহ আয় ২০ কোটির বেশি।

গত শুক্রবারেও এটি মাল্টিপ্লেক্স থেকে ২৪ লাখ টাকা আয় করে। প্রযোজনা-সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, প্রেক্ষাগৃহে দুই মাস চলার পরে স্ট্রিমিং প্ল্যাটফর্মে সিনেমাটি মুক্তি কথা ছিল। সেভাবেই এবার সব দর্শকের জন্য উন্মুক্ত হচ্ছে। তবে ওটিটিতে মুক্তি পেলেও প্রেক্ষাগৃহে সিনেমাটি দেখতে পারবেন দর্শক।

সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, সাবিলা নূর, শ্যামল মাওলা, জাকিয়া বারী মম, আজমেরী হক বাঁধন, শামীমা নাজনীন, ইন্তেখাব দিনার, আরেফিন জিলানীসহ আরও অনেকে।

ঈদুল ফিতরের আরেক আলোচিত সিনেমা ‘দম’ মুক্তি পাচ্ছে আগামী ২১ মে চরকিতে। প্রেক্ষাগৃহে দর্শকদের সাড়া পাওয়ার পর এবার ওটিটি প্ল্যাটফর্মে আসছে সিনেমাটি। ২০ মে রাত ১২টার পর থেকে (বাংলাদেশ সময় ২১ মে) দেশ-বিদেশের দর্শকরা চরকিতে সিনেমাটি দেখতে পারবেন। অনেক দর্শক এরই মধ্যে সিনেমাটি দেখলেও ব্যস্ততা কিংবা ভৌগোলিক দূরত্বের কারণে অনেকে প্রেক্ষাগৃহে গিয়ে দেখতে পারেননি। তাদের জন্য ওটিটিতে মুক্তির ঘোষণা স্বস্তির খবর হয়ে এসেছে। ‘দম’ পরিচালনা করেছেন রেদওয়ান রনি।

ওটিটিতে মুক্তি নিয়ে এ নির্মাতা বলেন, “আমি বরাবরই বলে এসেছি ‘দম’ বাংলাদেশের এবং বাংলাদেশিদের জয়ের গল্প। চরকিতের মুক্তির মাধ্যমে এ জয়ের গল্প সবার ঘর বা হাতে পৌঁছে যাবে। আশা করব দেশ-বিদেশের সবাই এ জয় উপভোগ করবেন। ঈদের আনন্দে পরিবারের সবাইকে নিয়ে ঘরে বসেই ‘দম’ দেখার সুযোগ পাচ্ছেন দর্শকরা।”

আফগানিস্তানে মৃত্যুর মুখ থেকে ফিরে আসা এক বাংলাদেশির জীবনের সত্য ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন আফরান নিশো ও পূজা চেরী। আরও রয়েছেন চঞ্চল চৌধুরী, জাহিদ হাসান, আবুল হায়াত, ডলি জহুরসহ অনেকে।

সিনেমার বড় অংশের দৃশ্য ধারণ হয়েছে কাজাখস্তানে। সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড ও চরকি। ‘দম’-এর চিত্রনাট্য লিখেছেন রেদওয়ান রনি, রবিউল আলম রবি, সৈয়দ আহমেদ শাওকী, আল-আমিন হাসান ও মো. সাইফুল্লাহ রিয়াদ।

এদিকে শাকিব খান অভিনীত ‘প্রিন্স’ পরিচালনা করেছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ এবং কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ড। গেল ঈদে মুক্তির পর সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হলেও ডিসিপি ও সার্ভার জটিলতার কারণে অনেক প্রেক্ষাগৃহে ঠিকভাবে সিনেমাটি উপভোগ করা সম্ভব হয়নি।

প্রযোজনা প্রতিষ্ঠান জানিয়েছে, ওটিটি মুক্তির আগে সিনেমাটির ডিজিটাল সংস্করণ নতুনভাবে প্রস্তুত করা হয়েছে। সাউন্ড, কালার গ্রেডিং ও ভিএফএক্স নিয়ে দর্শকদের যেসব অভিযোগ ছিল, সেগুলো সংশোধন করে আরও উন্নত মানে সিনেমাটি উপস্থাপনের চেষ্টা করা হয়েছে। দর্শকরা এবার ওটিটিতে ‘প্রিন্স’-এর আরও পরিপূর্ণ ও উপভোগ্য সংস্করণ দেখতে পারবেন।

অন্যদিকে ঈদের অন্যতম আলোচিত ও প্রশংসিত সিনেমা ‘রাক্ষস’ নির্মাণ করেছেন মেহেদি হাসান হৃদয়। এর আগে তিনি ইন্ডাস্ট্রি হিট ‘বরবাদ’ নির্মাণ করে আলোচনায় আসেন। নির্মাতার ভাষায়, ‘রাক্ষস’ মূলত ‘বরবাদ ইউনিভার্স’-এরই একটি অংশ। প্রেক্ষাগৃহে মুক্তির পর সিনেমাটিতে সেই আবহ ও নির্মাণশৈলীর ছাপ পেয়েছেন দর্শকরাও।

রোমান্টিক অ্যাকশন-থ্রিলার ঘরানার এই সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সিয়াম আহমেদ। তার বিপরীতে রয়েছেন কলকাতার অভিনেত্রী সুষ্মিতা চ্যাটার্জি। এছাড়া অভিনয় করেছেন আলী রাজ, সোহেল মণ্ডলসহ আরও অনেকে। সিনেমার বিশেষ একটি গানে অংশ নিয়েছেন বলিউড অভিনেত্রী নাতালিয়া জানোসজেক।

‘রাক্ষস’-এর মাধ্যমে সিয়ামকে পুরোপুরি অ্যাকশনধর্মী নায়ক হিসেবে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকরা। সিনেমাটি এখনও দেশের বাইরে বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রদর্শিত হচ্ছে। আরও বেশি দর্শকের কাছে সিনেমাটি পৌঁছে দিতেই এবার ওটিটিতে মুক্তি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রিন্স ও রাক্ষস সিনেমা নিয়ে উৎসব- এর যাত্রা প্রসঙ্গে এর প্রধান নির্বাহী জাহিদ হাসান অভি বলেন, ‘বাংলা কনটেন্টকে আরও সহজ ও আকর্ষণীয়ভাবে বিশ্বব্যাপী দর্শকদের কাছে পৌঁছে দেওয়াই আমাদের লক্ষ্য। আমরা এমন একটি প্ল্যাটফর্ম গড়ে তুলতে চাই, যেখানে বিশ্বের যেকোনো প্রান্তে থাকা বাংলা ভাষাভাষী দর্শক সহজেই নতুন সিনেমা, নাটক ও সিরিজ উপভোগ করতে পারবেন। তাই যাত্রার শুরুতেই আমরা ঈদের সবচেয়ে আলোচিত দুই সিনেমাকে সঙ্গে রাখছি। পৃথিবীর সব দেশের দর্শকরা বাংলা সিনেমাকে সহজেই উৎসবে দেখতে পারবেন।’

প্রাথমিকভাবে দর্শকরা সরাসরি উৎসবের ওয়েবসাইট (www.utshob.live)-এ প্রবেশ করে নির্ধারিত অর্থের সাবস্ক্রিপশন নিয়ে ‘প্রিন্স’ ও ‘রাক্ষস’ উপভোগ করতে পারবেন। পাশাপাশি প্ল্যাটফর্মটিতে শতাধিক সিনেমা, নাটক ও ওয়েব সিরিজও দেখা যাবে। খুব শিগগিরই গুগল প্লে স্টোরে ‘উৎসব’ অ্যাপ উন্মুক্ত করা হবে।

এছাড়া পর্যায়ক্রমে আইওএস, অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, অ্যান্ড্রয়েড টিভি এবং স্যামসাং স্মার্ট টিভিতেও প্ল্যাটফর্মটির সেবা চালু করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।