সৌদি আরবের জেদ্দা থেকে দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফিরে বাড়ি যাওয়ার পথে সংঘবদ্ধ ছিনতাইকারীর কবলে আলমগীর শেখ নামের এক প্রবাসী। গাজীপুরের ব্যস্ত চৌরাস্তা এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে তাকে অচেতন অবস্থায় ফেলে রেখে সঙ্গে থাকা সব অর্থ ও মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। ঘটনাটি এলাকায় চরম উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
ভুক্তভোগী আলমগীর শেখ ময়মনসিংহের গফরগাঁও থানাধীন আসাহার গ্রামের বাসিন্দা। তিনি আতাব উদ্দিন ও জামিলা খাতুনের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, দীর্ঘদিন সৌদি আরবের জেদ্দায় কর্মরত থাকার পর সোমবার (২২ ডিসেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন তিনি। এরপর সেখান থেকে মাইক্রোবাসযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাপথে একটি সংঘবদ্ধ ছিনতাইকারীচক্র কৌশলে তাকে নেশাজাতীয় কিছু খাইয়ে অচেতন করে ফেলে। গাজীপুর চৌরাস্তা এলাকায় পৌঁছালে তাকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে রাস্তার ধারে ফেলে রেখে সঙ্গে থাকা লাগেজ, নগদ টাকা, সৌদি রিয়াল, স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায় তারা।
দুপুরের দিকে পথচারীরা মহাসড়কের পাশে একজন মানুষকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে এগিয়ে আসেন। স্থানীয় জনতা তাকে বসিয়ে জ্ঞান ফেরানোর চেষ্টা করেন এবং কথা শোনার চেষ্টা করেন। এ সময় তার কাছে কেবল একটি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়া যায়। সেখান থেকে পরিচয় নিশ্চিত করে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হয়। খবর পেয়ে প্রায় দুই ঘণ্টা পর স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেন। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাকে গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হয়।

