etcnews
ঢাকাWednesday , 29 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

হুমায়ূন আহমেদ স্মরণে নজরুল বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী হুমায়ূন মেলা

etcnews
April 29, 2026 2:07 pm
Link Copied!

নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘হুমায়ূন মেলা-১৪৩৩’। নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদকে স্মরণ করে বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের উদ্যোগে দিনব্যাপী এই মেলার আয়োজন করা হয়েছে। মেলার স্লোগান নির্ধারণ করা হয়েছে ‘অনুভবে এক আকাশ হুমায়ূন’।

বিশ্ববিদ্যালয়ের নতুন কলাভবনের সামনে বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল থেকে শুরু হয়ে মেলা চলবে রাত ১০টা পর্যন্ত। আয়োজকেরা জানিয়েছেন, মেলায় হুমায়ূন আহমেদের নানান সৃষ্টিকর্ম অবলম্বনে নাটক, গান, লোকসংগীত, নৃত্য পরিবেশনা ও কবিতা আবৃত্তির আয়োজন থাকবে। দর্শনার্থীদের বিনোদনের জন্য আরও থাকবে কুইজ প্রতিযোগিতা, হুমায়ূন সাহিত্য আড্ডা, নাগরদোলা, পুতুলনাচ ও গ্রামীণ ঐতিহ্যের হাঁস ধরা প্রতিযোগিতা।

মেলায় হুমায়ূন আহমেদের সঙ্গে কাজের অভিজ্ঞতা ও তাঁর জীবনদর্শন নিয়ে স্মৃতিচারণা করতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রখ্যাত অভিনেতা চিকিৎসক এজাজুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের অধ্যাপক ও অভিনেতা রহমত আলী এবং প্রখ্যাত অভিনেত্রী অধ্যাপক ওয়াহিদা মল্লিক জলি।

আয়োজক সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা ও পরিবেশনাবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ‘ইভেন্ট অ্যান্ড প্রজেক্ট ম্যানেজমেন্ট (ব্যবহারিক)’ কোর্সের অংশ হিসেবে এই মেলার আয়োজন করা হয়েছে। মেলাটির তত্ত্বাবধানে রয়েছেন একই বিভাগের সহকারী অধ্যাপক মো. মাজহারুল হোসেন তোকদার। আয়োজনের পৃষ্ঠপোষক (টাইটেল স্পনসর) হিসেবে রয়েছে আকিজ ফুড অ্যান্ড বেভারেজের কোমল পানীয় ব্র্যান্ড ‘স্পিড’।

আয়োজনের বিষয়ে কোর্স তত্ত্বাবধায়ক মো. মাজহারুল হোসেন তোকদার বলেন, ‘শিক্ষার্থীদের ব্যবহারিক কোর্সের অংশ হিসেবেই মেলাটির আয়োজন করা হচ্ছে। এর মাধ্যমে তাঁদের বাস্তব অভিজ্ঞতা ও যেকোনো আয়োজনের প্রতিটি পর্যায়ে কাজ করার সক্ষমতা বাড়বে। হুমায়ূন আহমেদের সাহিত্য ও জীবনীকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরাই আমাদের এই আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আমরা আশা করছি, এই মেলার মাধ্যমে হুমায়ূন আহমেদের শিল্পকর্মগুলো সারা দেশে আবারও নতুন করে জেগে উঠবে।’

/কানিজ/সাজ্জাদ/সাইফুল

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।