প্রথম দফার ভোটের আগের দিনই দুর্নীতি মামলার তদন্তে ইডি দপ্তরে হাজির হলেন টালিউড অভিনেত্রী ও প্রাক্তন সংসদ সদস্য নুসরাত জাহান। বুধবার সকালে কলকাতার সল্টলেকের সিজিও কমপ্লেক্সে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) কার্যালয়ে পৌঁছান তিনি।
সোমবারই ফ্ল্যাট দুর্নীতি মামলায় নুসরাতকে তলব করেছিল ইডি। সেই নোটিশের ভিত্তিতেই নির্ধারিত সময়ে বুধবার সকালে হাজিরা দেন অভিনেত্রী।
সকাল সাড়ে ৯টা নাগাদ টালিগঞ্জের বাসভবন থেকে ইডি দপ্তরের উদ্দেশে রওনা হন নুসরাত। এসময় তাঁর সঙ্গে ছিলেন অভিনেতা যশ দাশগুপ্ত। পরে বেলা সাড়ে ১০টার দিকে সিজিও কমপ্লেক্সে পৌঁছান তিনি।
ইডি দপ্তরে পৌঁছানোর সময় নুসরাতের পরনে ছিল সাদা সালোয়ার।গাড়ি থেকে নেমেই সরাসরি দপ্তরের ভেতরে প্রবেশ করতে দেখা যায় তাকে।
প্রথমদিকে জানা গিয়েছিল, একটি বিশেষ সূত্র ধরে রেশন দুর্নীতি মামলায় নুসরাতের নাম উঠে এসেছে। কয়েক বছর আগে বাংলাদেশে গম পাচারের অভিযোগের সময় তিনি বসিরহাটের সংসদ সদস্য ছিলেন। সে সময় কোনো আর্থিক লেনদেন হয়েছিল কি না, তা খতিয়ে দেখতেই তাকে তলব করা হয়েছে বলে আলোচনা ছিল।
তবে পরে জানা যায়, মূলত ফ্ল্যাট দুর্নীতি মামলার তদন্তেই তাকে ডাকা হয়েছে।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নামে প্রতারণার অভিযোগের তদন্ত করছে ইডি। যে সংস্থার বিরুদ্ধে অভিযোগ উঠেছে, সেখানে অন্যতম পরিচালক ছিলেন নুসরাত জাহান।
ইডি সূত্রের দাবি, গত কয়েক মাসের তদন্তে মামলায় নতুন কিছু তথ্য উঠে এসেছে। সেই সূত্র ধরেই অভিনেত্রীকে আবারও জিজ্ঞাসাবাদের জন্য তলব করা হয়েছে।
এদিকে ইডি সূত্রে আরো জানা গেছে, প্রথমে কলকাতার দপ্তরে হাজিরা দিতে অনীহা প্রকাশ করেছিলেন নুসরাত। তিনি জানিয়েছিলেন, ওই সময় তিনি দিল্লিতে থাকবেন। তাই দিল্লি দপ্তরে জিজ্ঞাসাবাদ করা হলে সুবিধা হবে বলে অনুরোধ করেছিলেন।
তবে সেই আবেদন নাকচ করে কলকাতার দপ্তরেই হাজিরা দেওয়ার নির্দেশ দেয় তদন্তকারী সংস্থা।

