২০২২ সালের আলোচিত মুম্বাই মাদক মামলায় নতুন মোড়। দীর্ঘ তদন্ত শেষে মুম্বাই পুলিশের অ্যান্টি নারকোটিকস সেল (এএনসি) জানিয়েছে, বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি এবং সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ওরহান আওয়াত্রামানির বিরুদ্ধে কোনো শক্ত প্রমাণ পাওয়া যায়নি। এর ফলে আসন্ন সম্পূরক চার্জশিটে তাঁদের নাম বাদ পড়তে পারে বলে জানা গেছে।
সম্প্রতি তদন্ত শেষ করেছে এএনসি। শিগগিরই আদালতে সম্পূরক চার্জশিট জমা দেওয়ার প্রস্তুতি চলছে। এই মামলার প্রাথমিক পর্যায়ে শ্রদ্ধা কাপুরের ভাই, শ্রদ্ধা কাপুর এবং রাজনীতিক জিশান সিদ্দিকীর নামও উঠে এসেছিল। তবে সর্বশেষ তদন্তে তাঁদের বিরুদ্ধেও কোনো সরাসরি যোগসূত্র পাওয়া যায়নি বলে সূত্র জানিয়েছে।
কী ছিল সেই ঘটনা
২০২২ সালে কথিত মাদক পাচারকারী মোহাম্মদ সলিম মোহাম্মদ সুহেল শেখকে গ্রেপ্তার করে মুম্বাই পুলিশ। অভিযোগ ছিল, তিনি মুম্বাই ও দুবাইয়ের বিভিন্ন রেভ পার্টিতে মাদক সরবরাহ করতেন। অভিযানের সময় তাঁর কাছ থেকে প্রায় ১ কোটি ১৯ লাখ রুপির মেফেড্রোন (এমডি) উদ্ধার করা হয়।
জিজ্ঞাসাবাদের সময় ওই অভিযুক্ত ব্যক্তি একাধিক বলিউড তারকা ও পরিচিত ব্যক্তির নাম উল্লেখ করেন। সেই সূত্র ধরেই শ্রদ্ধা কাপুর, নোরা ফাতেহি, সিদ্ধান্ত কাপুর ও ওরহান আওয়াত্রামানির নাম সামনে আসে। তবে সেগুলো ছিল মূলত অভিযুক্তের বয়ানের ভিত্তিতে—প্রমাণ হিসেবে তখন কিছুই পাওয়া যায়নি।
মেলেনি প্রমাণ
তদন্তসংশ্লিষ্ট সূত্রগুলোর দাবি, দীর্ঘ অনুসন্ধানেও এই তারকাদের সঙ্গে মামলার সরাসরি কোনো যোগসূত্র পাওয়া যায়নি। এর ফলে তাঁদের বিরুদ্ধে অভিযোগ টিকিয়ে রাখার মতো ভিত্তি তৈরি হয়নি।
এর আগেও এই মামলায় তিনজন অভিযুক্তের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছিল। নতুন করে গ্রেপ্তার দুই অভিযুক্ত এবং কয়েকজন পলাতকের বিরুদ্ধে সম্পূরক চার্জশিট দাখিল করা হবে বলে জানা গেছে।
ওরির প্রতিক্রিয়া
খবরটি প্রকাশ্যে আসার পর ওরহান আওয়াত্রামানি সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন। ইনস্টাগ্রাম স্টোরিতে এক প্রতিবেদনের স্ক্রিনশট শেয়ার করে তিনি প্রশ্ন তোলেন—যাঁরা যাচাই না করেই তাঁর নাম ছড়িয়েছিলেন, তাঁদের জবাবদিহি কে করবে? তাঁর এই প্রতিক্রিয়াও নেট–দুনিয়ায় আলোচনার জন্ম দিয়েছে।
আগেও জিজ্ঞাসাবাদ
উল্লেখ্য, ২০২৫ সালেও এই মামলায় সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখনো কোনো শক্ত প্রমাণ মেলেনি। সর্বশেষ তদন্তে সেই অবস্থানই আরও স্পষ্ট হয়েছে—প্রাথমিক অভিযোগে নাম এলেও প্রমাণের অভাবে এই তারকাদের বিরুদ্ধে কোনো অভিযোগ টেকেনি।
সব মিলিয়ে বহুল আলোচিত এই মামলায় নতুন এই আপডেট বলিউড মহলে স্বস্তির বার্তা হিসেবেই দেখা হচ্ছে।

