ট্যাক্স-ফ্রি গাড়ি নয়, সংসদ সদস্যদের জন্য সরকারি মালিকানাধীন গাড়ি চেয়েছেন বলে জানিয়েছেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বুধবার বিকালে সংসদের প্রথম অধিবেশনের ১৯তম দিনে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে এ কথা জানান হাসনাত আবদুল্লাহ। তিনি বলেছেন, ট্যাক্স-ফ্রি গাড়ি আমরা নেব না। প্লট সুবিধাটি আমরা নেব না। জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা, এসিল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকেন, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছেন তাদের একটি গাড়ি ব্যবহার করার জন্য দেওয়া যায় কি না সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম। তিনি বলেন, সরকারি মালিকানাধীন একটি গাড়ি যতদিন পর্যন্ত এমপি থাকবেন ঠিক ততদিন ব্যবহার করবেন এবং সেটির জন্য এক্সট্রা খরচও লাগবে না। আমাদের এই সংসদ সদস্যদের ইতোমধ্যে ৭০ হাজার টাকা গাড়ি মেনটেনেন্স করার জন্য দেওয়া হয়। কিন্তু আমাদের গাড়ি নেই। এর আগে গতকাল মঙ্গলবার সংসদে দেওয়া বক্তব্যে সংসদ সদস্যদের জন্য সরকারিভাবে গাড়ির ব্যবস্থা করার দাবি জানিয়েছিলেন হাসনাত আবদুল্লাহ। তার ওই বক্তব্য নিয়ে গণমাধ্যমে বিভ্রান্তি ছড়ানো হয়েছে, এমন অভিযোগ করে আজ সংসদে হাসনাত আবদুল্লাহ বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ গঠিত হওয়ার পর সরকারি দল ও বিরোধী দল, প্রত্যেকে একটা কমিটমেন্ট দিয়েছে। বহুদিনের প্রচলিত ট্যাক্স ফ্রি (শুল্কমুক্ত) গাড়ি এবং প্লট আমরা নেব না, আমরা সিদ্ধান্ত নিয়েছি। গতকাল এ বিষয়টি সমর্থন জানানোপূর্বক সংসদে একটা বক্তব্য প্রদান করি। যেটা আজকে বিভিন্ন মিডিয়াতে বিভ্রান্তি ছড়ানো হয়েছে।হাসনাত আবদুল্লাহ বলেন, জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান, পৌর মেয়র, ডিসি, ইউএনও, এসি ল্যান্ডসহ অন্যান্য সরকারি অফিসার, সরকারি কার্য পরিচালনা করার জন্য যেভাবে সরকারি একটি গাড়ি পেয়ে থাকে, ঠিক একই প্রক্রিয়ায় আমাদের যারা সংসদ সদস্য আছে, তাদের ঠিক একই প্রক্রিয়ায় একটি গাড়ি ব্যবহারের ব্যবস্থা নেওয়া যায় কি না, সেটি আমি এই সংসদে জানিয়েছিলাম।
/ইমন খান

