etcnews
ঢাকাTuesday , 21 April 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. আন্তর্জাতিক
  5. ইসলাম
  6. উন্নয়ন
  7. ক্যাম্পাস
  8. খেলা
  9. জাতীয়
  10. নির্বাচন
  11. প্রতিবাদ
  12. প্রযুক্তি
  13. বানিজ্য
  14. বিনোদন
  15. বিশ্ব

প্রতিদিন সাদা পাউরুটি খেলে শরীরে কী ঘটে?

etcnews
April 21, 2026 5:40 pm
Link Copied!

সাদা পাউরুটি প্রতিদিনের খাদ্যতালিকার সহজ ও পরিচিত খাবার। সকালের নাশতা থেকে দ্রুত কোনো খাবার তৈরি সবখানেই এর ব্যবহার রয়েছে।

তবে প্রতিদিন সাদা পাউরুটি খাওয়া শরীরের ওপর কী প্রভাব ফেলে, তা নিয়ে মতভেদও আছে।

পুষ্টিবিদদের মতে, এটি নির্ভর করে পুরো খাদ্যাভ্যাস, পরিমাণ এবং খাবারের সঙ্গে কী যুক্ত হচ্ছে তার ওপর।

সাদা পাউরুটির পুষ্টিগুণ: ভুল ধারণা ও বাস্তবতা

সাদা পাউরুটি নিয়ে সাধারণ ধারণা হল- এটি পুরোপুরি অস্বাস্থ্যকর।

যুক্তরাষ্ট্রের ‘নরিশড নিউট্রিশন থেরাপি’র প্রতিষ্ঠাতা ও পুষ্টিবিদ ভ্যালেরি ক্যালেন রিয়েলসিম্পল ডটকম-এ প্রকাশিত এক প্রতিবেদনে বলেন, “এই ধারণা পুরোপুরি সঠিক নয়। সাদা শস্য বলতে মূলত বোঝায় যে শস্যের বাইরের আঁশযুক্ত স্তর এবং ভ্রূণ অংশ সরিয়ে ফেলা হয়েছে। ফলে এতে আঁশ, কিছু ভিটামিন ও খনিজ কমে যায়।”

তবে অনেক সময় তৈরি পাউরুটিতে অতিরিক্তভাবে বি-ভিটামিন, ফলিক অ্যাসিড ও লৌহ যোগ করা হয়। রুটি কেনার আগে তা জেনে নিতে হবে।

পুষ্টি-বিষয়ক অ্যাপ ‘ক্যালজি’র সহপ্রতিষ্ঠাতা ও পুষ্টিবিদ মাইকেল মিশেলিসের মতে, “এটি শরীরের কিছু প্রয়োজনীয় পুষ্টির ঘাটতি পূরণেও ভূমিকা রাখতে পারে।”

সহজপাচ্য হওয়াতে এটি দ্রুত শক্তি দেয়, বিশেষ করে যারা শারীরিক পরিশ্রম করেন বা দ্রুত শক্তির প্রয়োজন হয় তাদের জন্য এটি উপকারী হতে পারে।

অর্থাৎ, সাদা পাউরুটি সম্পূর্ণ খারাপ নয়। তবে এর সীমাবদ্ধতা বোঝা জরুরি।

স্বল্পমেয়াদি প্রভাব: ক্ষুধা ও শক্তির ওঠানামা

প্রতিদিন সাদা পাউরুটি খেলে স্বল্পমেয়াদে কিছু পরিবর্তন চোখে পড়তে পারে।

মার্কিন পুষ্টিবিদ কোকো পিয়েরেলের মতে, “এতে আঁশ কম থাকায় এটি দ্রুত হজম হয় এবং রক্তে শর্করার মাত্রা দ্রুত বাড়ায়। ফলে কিছুক্ষণের মধ্যেই আবার ক্ষুধা অনুভূত হতে পারে।”

অনেকের ক্ষেত্রে এটি শক্তি কমে যাওয়ার অনুভূতি বা হঠাৎ ক্লান্তি তৈরি করতে পারে।

তবে মাইকেল মিশেলিস মনে করেন, “এই প্রতিক্রিয়া সবার ক্ষেত্রে একরকম নয়। অনেক সুস্থ মানুষের শরীরে এই পরিবর্তন খুব সামান্যই প্রভাব ফেলে।”

এখানে গুরুত্বপূর্ণ বিষয় হল— সাদা পাউরুটি একা খাওয়া হচ্ছে, নাকি এর সঙ্গে প্রোটিন, চর্বি বা আঁশযুক্ত খাবার যোগ করা হচ্ছে।

যদি ডিম, ডাল, সবজি বা ফলের সঙ্গে খাওয়া হয়, তাহলে এই ওঠানামা অনেকটাই নিয়ন্ত্রণে থাকে।

দীর্ঘমেয়াদি প্রভাব: খাদ্যাভ্যাসের ওপর নির্ভরতা

দীর্ঘ সময় ধরে প্রতিদিন সাদা পাউরুটি খাওয়ার প্রভাব মূলত নির্ভর করে সামগ্রিক খাদ্যাভ্যাসের ওপর। যদি এটি আঁশসমৃদ্ধ খাবারের জায়গা দখল করে নেয়, তখন সমস্যার ঝুঁকি বাড়ে।

মাইকেল মিশেলিস বলেন, “যখন খাদ্যতালিকায় শাকসবজি, ডাল বা সম্পূর্ণ শস্য কমে যায় এবং এসবের জায়গায় পরিশোধিত শস্য বেশি হয়, তখন দীর্ঘমেয়াদে বিপাকীয় সমস্যার ঝুঁকি বাড়তে পারে। যেমন- ডায়াবেটিস বা পেশিশক্তি হ্রাসের মতো সমস্যা।”

কোকো পিয়েরেলের মতে, “বারবার রক্তে শর্করার ওঠানামা হলে সেটা শরীরে প্রদাহ, অতিরিক্ত চর্বি জমা এবং স্থায়ী ক্ষুধার অনুভূতি তৈরি করতে পারে।”

তবে ভ্যালেরি ক্যালেন মনে করিয়ে দেন, “কোনো একক খাবারই একা সমস্যার মূল নয়। বরং পুরো খাদ্যাভ্যাসই আসল বিষয়।”

যাদের জন্য সাদা পাউরুটি উপকারী হতে পারে

সবার জন্য একই খাদ্য উপযোগী নয়। কিছু নির্দিষ্ট অবস্থায় সাদা পাউরুটি বরং উপকারী হতে পারে।

যেমন- যাদের অন্ত্রের সমস্যা রয়েছে, বিশেষ করে সংবেদনশীল অন্ত্র বা প্রদাহজনিত রোগ, তাদের জন্য সহজপাচ্য কম আঁশযুক্ত খাবার অনেক সময় ভালো।

ভ্যালেরি ক্যালেন বলেন, “এই ধরনের রোগীদের জন্য সাদা পাউরুটি হজমে স্বস্তি দিতে পারে।”

এছাড়া যারা দীর্ঘদিন খাদ্যসংকোচনের মধ্যে ছিলেন বা হজমশক্তি দুর্বল, তাদের ক্ষেত্রেও এটি সহজ শক্তির উৎস হিসেবে কাজ করতে পারে।

অর্থাৎ, সাদা পাউরুটি কখনও কখনও প্রয়োজন-ভিত্তিক খাবার হিসেবেও বিবেচিত হতে পারে।

সাদা পাউরুটি খাওয়ার স্বাস্থ্যকর পন্থা

প্রতিদিন সাদা পাউরুটি খাওয়ার অভ্যাস থাকলেও সেটিকে স্বাস্থ্যকর করা সম্ভব। এর জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ভারসাম্য বজায় রাখা।

ভ্যালেরি ক্যালেন পরামর্শ দেন, “সাদা পাউরুটির সঙ্গে আঁশযুক্ত খাবার যোগ করা উচিত। যেমন— সবজি, ফল বা ডাল। এতে পেট ভরা অনুভূতি বাড়ে এবং হজম প্রক্রিয়াও ধীর হয়।”

মাইকেল মিশেলিস বলেন, “শুধু খাবার বাদ দেওয়ার চিন্তা না করে পুরো প্লেটের দিকে নজর দেওয়া উচিত। অর্থাৎ, পাউরুটির সঙ্গে কী খাওয়া হচ্ছে সেটাই আসল বিষয়।”

এছাড়া একটি সুষম খাদ্যতালিকায় সাদা পাউরুটি থাকলেও তা ক্ষতিকর হয়ে ওঠে না।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।