অভিনেতা আফরান নিশো যেন নিজেই হয়ে উঠেছেন তাঁর নতুন ছবির নামের প্রতীক—‘দম’। এই ছবির জন্য অভিনেতা যেনো নিজের সঙ্গেই লড়ছে।
গতকাল বুধবার সন্ধ্যায় ঢাকার গুলশান শুটিং ক্লাবে অনুষ্ঠিত হলো রেদওয়ান রনি পরিচালিত নতুন চলচ্চিত্র ‘দম’-এর মহরত। আয়োজনে উপস্থিত ছিলেন নির্মাতা, চঞ্চল চৌধুরী, পূজা চেরীসহ পুরো টিম। এখানেই আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেওয়া হয়-এই ছবিতে নিশোর বিপরীতে নায়িকা থাকছেন পূজা চেরী।
মহরতের আনুষ্ঠানিকতা শেষে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে নিশো জানালেন তাঁর প্রস্তুতির গল্প-যেখানে শরীরের ভার নামিয়ে দিচ্ছেন মনোবলের শক্তিতে।
চিত্রনাট্যের প্রয়োজনে তাঁকে ওজন নামাতে হচ্ছে ৯৭ কেজি থেকে ৭৫ কেজিতে। ইতিমধ্যেই কমিয়েছেন প্রায় ১২ কেজি, কিন্তু লক্ষ্য এখনও সামনে। নিশো বললেন, ‘এই এক মাসে বা দেড় মাসে ২০ কেজির যে ধকলটা, এটা কোনো হিউম্যান পসিবল না।’
তিনি আরও যোগ করলেন, শুধু শরীর নয়, মনকেও প্রস্তুত করতে হয়। প্রতিটি দিনই মনে হয় যেন নিজেকে নতুন করে বানিয়ে নিচ্ছি।’
শুটিংয়ের পরিবেশও কম কঠিন নয়। নিশো জানান, তাঁদের যাত্রা এমন এক প্রান্তে, যেখানে তাপমাত্রা শূন্যের কাছাকাছি বা তারও নিচে। ‘জানি না, সেখানে দম ধরে টিকতে পারব, না অসুস্থ হয়ে পড়ব। কোনো বিকল্প পরিকল্পনাও নেই। তবে মনই আমাদের একমাত্র জ্বালানি ’ বললেন তিনি।
চলচ্চিত্রের ভাবনা প্রসঙ্গে নিশো ব্যাখ্যা করলেন, ‘দম আমার কাছে কেবল শ্বাস নেওয়ার গল্প নয়; বরং দমহীনতার মাঝেও দম ধরে রাখার এক মানসিক শক্তির গল্প। এটি শুধু শরীরের সক্ষমতার নয়, মনের দৃঢ়তারও পরীক্ষা।’
নিশোর বিশ্বাস, ‘দম’ হবে বাংলাদেশের সিনেমায় এক নতুন অভিজ্ঞতার নাম।

