অলি রহমান, বাগেরহাট প্রতিনিধি:
মাদকমুক্ত সমাজ গড়ার লড়াই শুরু হয়েছে নিজেদের ঘর থেকেই—এমন বার্তা দিয়েছেন বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে গত দুই মাসে ২৭ জন পুলিশ সদস্যকে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি।
রোববার সকালে বাগেরহাট পুলিশ লাইনে জেলা পুলিশের আয়োজনে কমিউনিটি পুলিশিং সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আইজিপি বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের অবস্থান জিরো টলারেন্স। তরুণ প্রজন্মকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে। কিশোর গ্যাং ও অপরাধ দমনে পুলিশকে সহযোগিতার পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর আহ্বান জানান তিনি।
পুলিশ ও জনগণের পারস্পরিক আস্থা এবং সহযোগিতাকে নিরাপদ সমাজ গড়ার অন্যতম ভিত্তি উল্লেখ করে তিনি বলেন, অপরাধ প্রতিরোধে শুধু পুলিশের ওপর নির্ভর করলে চলবে না; জনগণকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
দেশে পুলিশের জনবল সংকটের কথা তুলে ধরে আইজিপি জানান, চলতি বছর ২০ হাজার পুলিশ সদস্য নিয়োগের পরিকল্পনা রয়েছে। তবে প্রশিক্ষণ অবকাঠামোর সীমাবদ্ধতা রয়েছে।
সমাবেশে সভাপতিত্ব করেন বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন খুলনা রেঞ্জের ডিআইজি মো. রেজাউল করিম ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন।

