অলি রহমান, বাগেরহাট প্রতিনিধি:
সড়কে একটি অসতর্ক মুহূর্তই কেড়ে নিতে পারে মূল্যবান প্রাণ, নিভিয়ে দিতে পারে একটি পরিবারের স্বপ্নের আলো। এমন মর্মান্তিক পরিণতি এড়াতে প্রয়োজন সচেতনতা, দায়িত্বশীলতা ও ট্রাফিক আইন মেনে চলার অভ্যাস। এই বার্তা সামনে রেখে বাগেরহাটে নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে জাতীয় নিরাপদ সড়ক দিবস।
‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে নিরাপদ সড়ক চাই (নিসচা) বাগেরহাট জেলা শাখার উদ্যোগে দিবসটি পালন করা হয়।
দিবসটি উপলক্ষে বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে একটি বর্ণাঢ্য সচেতনতামূলক র্যালি বের করা হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
নিরাপদ সড়ক চাই বাগেরহাট জেলা শাখার সভাপতি আলী আকবর টুটুলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাগুফতা হক।
সভায় বক্তব্য দেন বাগেরহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হেদায়েত হোসাইন লিটন, সাবেক সভাপতি শেখ হেমায়েত হোসেন, সমাজসেবক এম জাকির হোসেন, আবুবকর সিদ্দিক।
বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা প্রতিরোধে আইন প্রয়োগের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও ব্যক্তিগত দায়িত্ববোধ জাগ্রত করা জরুরি। সড়কে শৃঙ্খলা বজায় রাখতে ট্রাফিক আইন মেনে চলা, বেপরোয়া গতি পরিহার এবং মোটরসাইকেল চালানোর সময় হেলমেট ও গাড়িতে সিটবেল্ট ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন তাঁরা।
অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

