etcnews
ঢাকাWednesday , 21 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

ইউক্রেনে স্টারলিংকের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন মাস্ক

etcnews
October 21, 2026 12:26 pm
Link Copied!

ইউক্রেনের সামরিক বাহিনীর ব্যবহৃত স্পেসএক্সের স্টারলিংক স্যাটেলাইট সেবার সামরিক সংস্করণের গতি কমানোর নির্দেশ দিয়েছিলেন ইলন মাস্ক। গত সপ্তাহে দেওয়া ওই নির্দেশের বিষয়ে যুক্তরাষ্ট্রের কর্মকর্তাদের ও সংশ্লিষ্ট বিষয়ে অবগত ব্যক্তিদের বরাত দিয়ে মঙ্গলবার (২০ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল।এ বিষয়ে মন্তব্য জানতে রয়টার্সের পক্ষ থেকে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে সাড়া দেয়নি মাস্ক, স্পেসএক্স ও হোয়াইট হাউস। প্রতিবেদনটির তথ্যও তাৎক্ষণিকভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।যুদ্ধক্ষেত্রে যোগাযোগ রক্ষা এবং ড্রোন পরিচালনার জন্য স্টারলিংক ব্যবহার করে ইউক্রেন। স্যাটেলাইট সেবাটির গতি সীমিত করায় রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের হামলা এবং আকাশ প্রতিরক্ষায় ড্রোনের ব্যবহার ব্যাহত হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, গত সপ্তাহে স্টারলিংকের গতি কমানোর বিষয়টি প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে এ নিয়ে কথা বলেন মাস্ক। সে সময় নির্বাচনি প্রচারণায় ব্যস্ত ছিলেন ট্রাম্প। তবে স্টারলিংকের গতি সীমিত করার সিদ্ধান্ত নেওয়ার আগেও তাদের মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।এর আগে রয়টার্স এক বিশেষ প্রতিবেদনে জানিয়েছিল, স্যাটেলাইট ব্যবস্থাটির ব্যবহার সীমিত করার নির্দেশ এসেছিল হোয়াইট হাউসের ভেতর থেকেই।গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, স্টারলিংক ব্যবহারের সুযোগ হারানোর জন্য তিনি কিংবা মাস্ক কেউই দায়ী বলে তার মনে হয় না। অন্যদিকে মাস্ক বলেছিলেন, স্টারলিংকের গতি কিংবা স্টারশিপ ব্যবহারে যে কোনো সীমাবদ্ধতার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন সামরিক বাহিনী অথবা প্রেসিডেন্ট।

রাশিয়ার কাছ থেকে ডিজেল কেনার একটি চুক্তির ঘোষণা এবং মস্কোর ওপর নতুন নিষেধাজ্ঞা স্থগিত করার পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে ওয়াশিংটনের সম্পর্ক আরও অবনতি হয়েছে। এ ছাড়া ট্রাম্প কিয়েভকে রাশিয়ার তেল শোধনাগারে হামলা বন্ধ করতে বলেছেন এবং ইউক্রেনীয়দের জেলেনস্কিকে সরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক মেরামতের চেষ্টা নিয়ে বর্তমানে নরওয়ের রাজধানী অসলোতে রয়েছেন জেলেনস্কি। মঙ্গলবার তিনি জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে আলোচনায় বিভিন্ন বিষয়ের পাশাপাশি স্টারলিংক ও স্টারশিল্ড নিয়ে পরিস্থিতি, যা পুনরুদ্ধার করা প্রয়োজন; সেটিও উঠে এসেছে।

এদিকে মঙ্গলবার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ বলেছেন, ওয়াশিংটন ইউক্রেনের স্টারলিংক স্যাটেলাইট নেটওয়ার্ক ব্যবহারের সক্ষমতা বন্ধ করেনি। তবে তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া গেছে, সমস্যাটি সেবার ব্যবহারের শর্তাবলির সঙ্গে সম্পর্কিত, যেগুলো ইউক্রেনকে মেনে চলতে হবে।

সূত্র : রয়টার্স

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।