etcnews
ঢাকাMonday , 19 October 2026
  1. অনিয়ম
  2. আইন-আদালত
  3. আন্তর্জাতিক
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
আজকের সর্বশেষ সবখবর

সুন্দরবনের বাঘ লোকালয়ে, ভোলা নদীর চরে পায়ের ছাপ; আতঙ্কে মাইকিং

etcnews
October 19, 2026 8:03 pm
Link Copied!

অলি রহমান,বাগেরহাট প্রতিনিধি:

সুন্দরবনের গহিন অরণ্যে যার রাজত্ব, সেই বাঘের পায়ের ছাপ এবার মিলল লোকালয়ের একেবারে কাছে। ভোলা নদীর চরে বালুর বুকে পড়ে থাকা সেই ছাপ যেন নীরবে বলে গেল—বনের সীমানা পেরিয়ে রাতের আঁধারে জনপদের কতটা কাছে এসেছিল বনের রাজা! আর তাতেই বাগেরহাটের শরণখোলার সোনাতলা গ্রামে ছড়িয়ে পড়েছে আতঙ্ক। নিরাপত্তার শঙ্কায় শুরু হয়েছে মাইকিং।

সোমবার (১৯ অক্টোবর) সকালে বাড়ির পেছনে ভোলা নদীর চরে বিক্ষিপ্তভাবে বাঘের পায়ের ছাপ দেখতে পান স্থানীয় ভিলেজ রেসপন্স টাইগার টিমের (ভিটিআরটি) সদস্য আব্দুল লতিফ হাওলাদার। খবরটি ছড়িয়ে পড়তেই স্বাভাবিক জনজীবনে দেখা দেয় উদ্বেগ। যে চরে হয়তো প্রতিদিন মানুষের যাতায়াত, সেই চরেই বাঘের পদচিহ্ন দেখে সতর্ক হয়ে ওঠেন গ্রামবাসী।

খবর পেয়ে দুপুরে ঘটনাস্থলে যান সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) মো. শরীফুল ইসলাম, বনরক্ষী ও ভিটিআরটি সদস্যরা। নদীর চরে প্রায় আধা কিলোমিটার এলাকাজুড়ে বাঘের বিচরণের চিহ্ন পাওয়া যায়। পায়ের ছাপ পর্যবেক্ষণ করে বাঘটি সুন্দরবনের দিকে ফিরে গেছে বলে ধারণা করছেন বন বিভাগের কর্মকর্তারা।
ভিটিআরটি টিম লিডার মো. জাকারিয়া হোসাইন বলেন, লোকালয়ের এত কাছে বাঘের পায়ের ছাপ পাওয়ায় মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। বাসিন্দাদের সতর্ক করতে এলাকায় মাইকিং করা হচ্ছে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা মো. শরীফুল ইসলাম জানান, রাতে ভোলা নদী সাঁতরে বাঘটি লোকালয়ে এসেছিল বলে ধারণা করা হচ্ছে। তবে পায়ের ছাপ দেখে বাঘটি সুন্দরবনে ফিরে গেছে বলে নিশ্চিত হওয়া গেছে। মানুষের নিরাপত্তায় বনরক্ষী ও ভিটিআরটি সদস্যদের সার্বক্ষণিক টহল দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।