etcnews
ঢাকাSunday , 15 March 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি
box ad 6
আজকের সর্বশেষ সবখবর

রাজউকের রাক্ষস ঘুষ-দুর্নীতি-অনিয়ম

etcnews
March 15, 2026 4:15 am
Link Copied!

বিশেষ প্রতিনিধি :

ঢাকার আবাসন নিয়ন্ত্রণকারী সংস্থা রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। প্রতিষ্ঠানটির কাজ নীতিমালা ও শৃঙ্খলার মাধ্যমে নগর পরিকল্পনা বাস্তবায়ন। তবে এই প্রতিষ্ঠানটি ঘিরে সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ বহু পুরোনো। ঘুষ লেনদেনের ঘটনাও এখানে নিত্যনৈমিত্তিক বিষয়। এবার প্রতিষ্ঠানটির প্রায় দেড় ডজন কর্মকর্তার সন্ধান পেয়েছে কালবেলা—যারা রাজউকে চাকরি নামক জাদুর কাঠির বদৌলতে শূন্য থেকে বনে গেছেন কোটি কোটি টাকার মালিক। রাজধানীসহ দেশের বিভিন্ন জায়গায় ওই কর্মকর্তাদের রয়েছে একাধিক বহুতল ভবন, ফ্ল্যাট, প্লট, গাড়ি; স্ত্রী-সন্তানদের নামেও রয়েছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান। দশম গ্রেডের ইমারত পরিদর্শক থেকে শুরু করে ১৭ গ্রেডের কর্মচারী পর্যন্ত রয়েছেন এই তালিকায়। এসব কর্মকর্তার সবার বিরুদ্ধেই রয়েছে নকশা জালিয়াতি, দরপত্র নিয়ন্ত্রণ ও ঘুষ বাণিজ্যের বিস্তৃত তথ্য-প্রমাণ।নোটিশের ভয় দেখিয়ে অর্থ আদায়, সেবা পেতে ঘুষ দিতে বাধ্য করাসহ নানা অভিযোগ রয়েছে এসব কর্মকর্তা-কর্মচারীর বিরুদ্ধে। এত অপকর্ম করেও প্রভাবশালীদের ছত্রছায়ায় থেকে অতীতে বারবার পার পেয়ে গেছেন তারা। এরই মধ্যে দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজউকের একাধিক কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে। অনুসন্ধানে নেমে নামে-বেনামে এমন অঢেল সম্পদ দেখে তাজ্জব বনে যাচ্ছেন দুদকের কর্মকর্তারাও।যাদের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক, তাদের মধ্যে রয়েছেন—ইমারত পরিদর্শক মো. মনিরুজ্জামান, নকশাকার শফিউল্লাহ বাবু, সাঁটলিপিকার কাম কম্পিউটার অপারেটর জাফর সাদেক, ইমারত পরিদর্শক আমীর খসরু, ইমারত পরিদর্শক মো. তারিফুর রহমান, ডাটা এন্ট্রি অপারেটর আবদুল মোমিন, নকশাকার এমদাদ আলী, সুপারভাইজার খালেদ মোশাররফ তালুকদার (রুবেল), সহকারী অথরাইজড অফিসার মো. আব্দুল্লাহ আল মামুন, বেঞ্চ সহকারী বাসার শরীফ, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ইউসুফ মিয়া, অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেলাল হোসেন চৌধুরী রিপন, উচ্চমান সহকারী মোহাম্মদ হাসান ও রেকর্ড কিপার মো. ফিরোজ।

তথ্য বলছে, ঢাকার পরিকল্পিত উন্নয়নের ধারণা শুরু হয় পাকিস্তান আমলে। ১৯৫৬ সালে গঠিত হয় ঢাকা ইমপ্রুভমেন্ট ট্রাস্ট (ডিআইটি), যা ছিল ঢাকার প্রথম আধুনিক নগর পরিকল্পনা সংস্থা। এর কাজ ছিল নগর পরিকল্পনা প্রণয়ন, আবাসন প্রকল্প বাস্তবায়ন এবং সড়ক ও অবকাঠামো উন্নয়ন। ডিআইটির সময়েই গুলশান, বনানী, ধানমন্ডির মতো পরিকল্পিত আবাসিক এলাকা গড়ে ওঠে। এরপর ১৯৮৭ সালে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ আইন অনুযায়ী ডিআইটিকে পুনর্গঠন করে রাজউক প্রতিষ্ঠা করা হয়। এর মাধ্যমে সংস্থাটির ক্ষমতা ও কার্যপরিধি আরও বিস্তৃত হয়। রাজউক প্রতিষ্ঠার পর থেকে ঢাকার সার্বিক নগর ব্যবস্থাপনার দায়িত্ব পায়। এর মধ্যে রয়েছে—মাস্টারপ্ল্যান প্রণয়ন, ভবন নির্মাণের নকশা অনুমোদন, ভূমি ব্যবহার নিয়ন্ত্রণ, আবাসন প্রকল্প (পূর্বাচল, উত্তরা, ঝিলমিল ইত্যাদি) বাস্তবায়ন এবং নগর উন্নয়ন ও অবকাঠামো পরিকল্পনা। বর্তমানে রাজউক ঢাকার দ্রুত নগরায়ণ, জনসংখ্যার চাপ ও অবৈধ নির্মাণ নিয়ন্ত্রণের মতো বড় চ্যালেঞ্জ মোকাবিলা করছে।করেছেন।

দুদকে জমা পড়া অভিযোগে বলা হয়েছে, রাজউকের কর্মকর্তাদের স্বাক্ষর নকল করে নিজেই ফাইল অনুমোদন করেন শফিউল্লাহ বাবু। তিনি রাজউকের নকশা জালিয়াতি সিন্ডিকেটের প্রধান হোতা। এ ছাড়াও তার বিরুদ্ধে ডেভেলপার কোম্পানি ট্রপিক্যাল হোমস, সামসুল আলামিন গ্রুপ ও ইউনিক গ্রুপের ব্রোকার হিসেবেও রাজউকে পরিচিত। এর আগে তিনি ১৪ তলা ভবনের নকশা জালিয়াতির দুদকের মামলায় গ্রেপ্তার হলেও রহস্যজনকভাবে দুর্নীতির অভিযোগ থেকে পার পেয়ে যান।

কম্পিউটার অপারেটর জাফর সাদেকও কোটিপতি: নকশা পাস ও প্লট বেচাকেনার ঘুষ গ্রহণের মাধ্যমে বিপুল পরিমাণে সম্পদ গড়েছেন জাফর সাদেক। তার সম্পদের মধ্যে রয়েছে আফতাবনগর, ডি-ব্লক, রোড-৫, প্লট-২৯—সাড়ে ৩ কাঠায় প্লটে ৮ তলা বাড়ি (নূর আহমেদ ভিলা) এবং ৩৩, শান্তিনগরে একটি ফ্ল্যাট।

আমীর খসরুর শতকোটির সম্পদ: নব্বইয়ের দশকে উপ-ইমারত পরিদর্শক হিসেবে যোগ দেওয়া আমীর খসরুর নিজের ও স্ত্রীর নামে রাজধানীজুড়ে অনেক ফ্ল্যাট ও প্লট রয়েছে। তার সম্পদের মধ্যে রয়েছে বাড্ডা পুনর্বাসন প্রকল্পে (১০ নম্বর রোড, হোল্ডিং ৭৪) ৬তলা বাড়িতে ১১টি ফ্ল্যাট। প্রত্যেক ফ্ল্যাটের আনুমানিক মূল্য প্রায় ২ কোটি টাকা। বাড্ডা পুনর্বাসন প্রকল্পে (১১ নম্বর রোড, হোল্ডিং ৬৯ ও ৭১) তিন কাঠা আয়তনের দুটি প্লট একত্র করে ছয়তলা বাড়ি নির্মাণ। বাড্ডা প্রকল্পে (১২ নম্বর রোড, হোল্ডিং ৬৫) তিন কাঠার ওপর ছয়তলা বাড়িতে মোট ১২টি ফ্ল্যাট। নথিতে এই বাড়ির মালিক খসরুর ভাগনে আসলাম নামের এক ব্যক্তি।

খসরুর আরও সম্পদের মধ্যে আছে পশ্চিম শেওড়াপাড়ায় (হোল্ডিং ৭৪১) ৬ তলা ভবনে ১৭টি ফ্ল্যাট। উত্তরা ১০ নম্বর সেক্টরে (রোড ৭, হোল্ডিং ২২/এ) ৫ কাঠার প্লট, যার মূল্য ১৩ কোটি টাকা; উত্তরা ১৩ নম্বর সেক্টরে (রোড ৮, হোল্ডিং ৪১) ৫ কাঠার প্লট। প্রায় ১৪ কোটি টাকা মূল্যের এই প্লটটি আমীর খসরুর মায়ের নামে নথিভুক্ত।

ইমারত পরিদর্শক তারিফুর রহমানেরও অঢেল সম্পদ: ২০১৮ সালে ২ জুলাই রাজউকে চাকরি নেন তারিফুর রহমান। তার বিরুদ্ধে ডেমরা এলাকায় দায়িত্ব পালনকালে কৃষি জমিতে অনুমোদন ছাড়াই ভবন নির্মাণে নিরব থাকার অভিযোগ রয়েছে। এছাড়া ভবন মালিকদের ভ্রাম্যমাণ আদালতের ভয় দেখিয়ে প্রতি ভবন থেকে ঘুষ আদায় করতেন তিনি। কেউ টাকা না দিলে একাধিকবার নোটিশ দিয়ে হয়রানি করতেন। এতেও কাজ না হলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা করাসহ নানাভাবে হয়রানি করতেন।

তারিফুরের সম্পদের মধ্যে রয়েছে ১৫৮/১, ওয়াপদা রোড, রামপুরা মহানগর মাজিদ ট্রেস ভবনের ৯ তলায় ১৮শ বর্গফুটের ফ্ল্যাট; ১২/৪৭৮, ওমর আলী লেন, রামপুরা চতুর্থ তলায় ৯৫০ বর্গফুটের ফ্ল্যাট; একই এলাকায় এক্সিউড ডেভেলপার্সে ১৪শ বর্গফুটের ফ্ল্যাট। এ ছাড়াও আফতাবনগরে আড়াই কাঠা ও তিন কাঠার দুটি প্লট।অভিযোগের বিষয়ে ইমারত পরিদর্শক তারিফুর রহমান কালবেলাকে বলেন, ‘দুদকে তদন্ত হচ্ছে, দুদক দেখবে। আমার ইনকাম ট্যাক্স দেওয়া আছে। অবৈধ কিছু নেই।’

ডাটা এন্ট্রি অপারেটর আবদুল মোমিনের একাধিক বাড়ি-প্লট: রাজউকের ডাটা এন্ট্রি অপারেটর আবদুল মোমিনের রাজধানীতে রয়েছে একাধিক বাড়ি ও প্লট। যার মধ্যে আছে মুগদায় ৭১ নম্বর ওয়ার্ড, ৭ নম্বর প্লটে ৫ কাঠা জমিতে ৭ তলা বাড়ি; মতিঝিল, ১০ কবি জসীমউদদীন রোড, নকশীকাঁথার মাঠ ভবনে ১ হাজার ৭২৫ বর্গফুটের ফ্ল্যাট। এ ছাড়া সাভার, ভাদাইল, পুরোনো ইপিজেড সংলগ্ন হোসেন প্লাজার পাশে দুই বিঘা জমিতে টিনশেড ঘর বানিয়ে ভাড়া দিয়েছেন তিনি। পূর্বাচলে স্ত্রীর নামে রয়েছে আরও একটি প্লট।

নকশাকার এমদাদ আলীর রয়েছে ৬ তলা বাড়ি: নকশাকার এমদাদ আলীর বাড্ডা পুনর্বাসন প্রকল্প ৫ কাঠায় প্লটে রয়েছে ৬ তলা বাড়ি। এ ছাড়া ডেমরায় রয়েছে ৭ কাঠার দুটি প্লট।

সুপারভাইজার খালেদ মোশাররফের ৫ তলা বাড়ি: রাজউকের সুপারভাইজার খালেদ মোশাররফ তালুকদার (রুবেল) বগুড়ার শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ৭ কাঠা জমিতে নির্মাণ করেছেন ৫ তলা বাড়ি। এ ছাড়া রাজধানীর মাদারটেকে একটি ফ্ল্যাট রয়েছে। সিরাজগঞ্জের কাজীপুরে রয়েছে একটি মার্কেট। সাধারণ একজন কর্মকর্তা হয়েও নিজে চড়েন প্রাইভেট কারে।

আবদুল্লাহ আল মামুনের বিপুল সম্পদ: রাজউকের সহকারী অথরাইজড অফিসার মো. আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে বিপুল সম্পত্তি অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক। এরই মধ্যে অনেক গুরুত্বপূর্ণ তথ্যও পেয়েছে দুর্নীতিবিরোধী সংস্থাটি। এই কর্মকর্তার বিরুদ্ধে দুদকের টেবিলে জমা পড়া অভিযোগের মধ্যে রয়েছে—মিরপুর, আফতাবনগর, চিড়িয়াখানা রোডসহ বিভিন্ন এলাকায় নকশাবিহীন ভবন অনুমোদন দিয়ে ঘুষ গ্রহণ, ভবন মালিকদের ভয়ভীতি দেখিয়ে মাসোহারা আদায় ও ‘উচ্ছেদ’ বা ‘সংযোগ বন্ধের’ হুমকি দিয়ে অর্থ আদায়। এই কর্মকর্তার সম্পদের মধ্যে রয়েছে আফতাবনগরে (ব্লক-ডি, রোড-৫) প্লট; আফতাবনগর ডিআইটি প্রজেক্টে সাড়ে তিন ও সাড়ে সাত কাঠার জমিতে ১০ তলা ভবন, যার মূল্য প্রায় ৩৯ কোটি টাকা; পিরোজপুরের বাউফল উপজেলার মুরাদপুর গ্রামে নিজ ও আত্মীয়দের নামে প্রায় ৩ কোটি টাকার জমি। গাজীপুরে স্ত্রীর নামে আনুমানিক ২ কোটি টাকার জমি। আরও রয়েছে প্রাইভেট কার টয়োটা ইয়ারিস (ঢাকা মেট্রো খ-২২-০৭৩৯)।

জানতে চাইলে রাজউকের সহকারী অথরাইজড অফিসার মো. আবদুল্লাহ আল মামুন বলেন, ‘দুদকে অভিযোগ রইছে দুদক দেখবে, আপনাদের কী। এখন আর কথা বলতে চাচ্ছি না। তারাবিতে যাইতে হবে।’

এ ছাড়াও বেঞ্চ সহকারী বাসার শরীফের রয়েছে ঢাকার মানিকনগর পুকুরপাড়ে ২ হাজার ৬০০ বর্গফুটের ফ্ল্যাট। রয়েছে একটি টয়োটা নোয়া গাড়ি (ঢাকা মেট্রো-ছ-১৯-০৪১৪)। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ইউসুফ মিয়ার ঢাকায় কোনো সম্পত্তি না থাকলেও চট্টগ্রামের মিরসরাই উপজেলার মিঠানগর ইউনিয়নের মলিহাস গ্রামে নির্মাণ করেছেন ৩ তলা বাড়ি। রয়েছে দুটি গরুর খামার, যেখানে শতাধিক গরু রয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর বেলাল হোসেন চৌধুরী রিপনের রয়েছে রাজধানীর পল্টনে (৬৬ শান্তিনগর হোল্ডিং) একটি ফ্ল্যাট। উচ্চমান সহকারী মোহাম্মদ হাসানের বাড্ডায় রয়েছে ৬ তলা বাড়ি ও আফতাব নগরে একটি প্লট। রেকর্ড কিপার মো. ফিরোজের উত্তরা মডেল টাউনে (১২ নম্বর সেক্টর) ৬ তলা একটি বাড়ি রয়েছে।

কর্মকর্তাদের দুর্নীতি ও বিপুল সম্পদ থাকার বিষয়ে কথা হলে রাজউকের পরিচালক (প্রশাসন) এ বি এম এহছানুল মামুন বলেন, ‘রাজউকের কোনো কর্মকর্তা বা কর্মচারী অনিয়ম-দুর্নীতির মাধ্যমে সম্পদ অর্জন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে রাজউক কর্তৃপক্ষ। আর দুদক যদি অবৈধ টাকা বা সম্পত্তির প্রমাণ পায়, তারা তাদের মতো আইনি ব্যবস্থা নেবে।’

এসব দুর্নীতিবাজের সহায়তাকারীদেরও জবাবদিহির আওতায় আনার দাবি ইফতেখারুজ্জামানের: ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান দুর্নীতিবাজ এসব কর্মকর্তার নেপথ্যে থেকে যারা সহযোগিতা করেছেন, তাদেরও চিহ্নিত করে জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছেন। তিনি বলেন, ‘অবাক হওয়ার কিছুই নেই। রাজউক যে আপাদমস্তক দুর্নীতিগ্রস্ত একটি প্রতিষ্ঠান, এসব তথ্য তারই প্রমাণক হিমশৈলীর চূড়ামাত্র। বৈধ উপায়ে এমন সম্পদের মালিক হওয়ার কোনো সুযোগ রাজউকের মতো প্রতিষ্ঠানের কোনো কর্মকর্তার নেই। দুর্নীতির অভিযোগে যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট সবার দৃষ্টান্তমূলক জবাবদিহি নিশ্চিত করতে হবে। এক্ষেত্রে তাদের সঙ্গে ঊর্ধ্বতন, অধস্তন এবং সমপর্যায়ে যারা অংশীদার রয়েছেন বা বিভিন্নভাবে সুযোগ করে দিয়েছেন এবং সুরক্ষা দিয়েছেন, তাদেরও চিহ্নিত করে কঠোর জবাবদিহি নিশ্চিত করতে হবে।

সৌজন্য : কালবেলা।

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।