etcnews
ঢাকাSunday , 8 March 2026
  1. Politics
  2. অনিয়ম
  3. আইন-আদালত
  4. ইসলাম
  5. উন্নয়ন
  6. ক্যাম্পাস
  7. খেলা
  8. জাতীয়
  9. নির্বাচন
  10. প্রতিবাদ
  11. প্রযুক্তি
  12. বানিজ্য
  13. বিনোদন
  14. বিশ্ব
  15. রাজনীতি

ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা

etcnews
March 8, 2026 6:24 pm
Link Copied!

মার্কিন বলয় : বৈশ্বিক ‘জ্বালানি ফাঁদে’ পড়ছে বাংলাদেশ!, আবার ঋণের আবর্তে পড়বে দেশ :: বিশ্ব অর্থনীতি ধসের শঙ্কা :: অন্তর্বর্তী সরকার জ্বালানি নিরাপত্তার ব্যাপারে ছিল উদাসীন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার জেরে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম গত দুই বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। সেই ঢেউ বাংলাদেশে আছড়ে পড়তে শুরু করেছে। কাতারের জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি সতর্ক করে বলেছেন, উপসাগরীয় অঞ্চলের তেল ও গ্যাস রফতানিকারক দেশগুলো আগামী কয়েক দিনের মধ্যে উৎপাদন বন্ধ করে দিতে পারে। এই ঘোষণার পরই বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের বিপর্যয়ের আশঙ্কা করা হচ্ছে। কাতার এনার্জির প্রধান নির্বাহী এবং দেশটির জ্বালানি মন্ত্রী সাদ আল-কাবি ব্রিটিশ সংবাদমাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমসকে বলেন, মধ্যপ্রাচ্যের এই সঙ্ঘাত বিশ্ব অর্থনীতিকে ধসিয়ে দিতে পারে। যুদ্ধ কয়েক সপ্তাহ স্থায়ী হলে তেলের দাম প্রতি ব্যারেল ১৫০ ডলারে গিয়ে ঠেকতে পারে, এমন আশঙ্কা করা হচ্ছে। ইতোমধ্যে অবশ্য কাতারের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান কাতার এনার্জি তাদের এলএনজি উৎপাদন বন্ধ ঘোষণা করেছে।

এদিকে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্র, ইসরাইল এবং তাদের ইউরোপীয় মিত্রদের জাহাজ চলাচল করতে পারবে না। যেসব দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মিত্র নয়, তাদের জাহাজ হরমুজ প্রণালী ব্যবহার করতে কোনো বাধা থাকবে না। তাই যুক্তরাষ্ট্রের মিত্র দেশ হিসেবে বাংলাদেশ সামনে আরো বিপাকে পড়তে যাচ্ছে বলে কূটনৈতিক সূত্রগুলো আশঙ্কা করছে। হরমুজ প্রণালী আরব সাগর ও পারস্য উপসাগরকে সংযুক্ত করে এবং এটি আন্তর্জাতিক জ্বালানি বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিশ্বে চলাচল করা তেল ও তরল গ্যাসবাহী জাহাজের প্রায় ২০ শতাংশই এই রুট ব্যবহার করে

অবশ্য বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ গতকাল শনিবার বলেছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। ৯ মার্চ দেশে আরো দুটি তেলবাহী জাহাজ আসছে। ফলে সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা নেই।

হরমুজ প্রণালীকে ‘জ্বালানির বৈশ্বিক দরজা’ হিসেবে ধরা হয়, কারণ মধ্যপ্রাচ্যের তেল উৎপাদনকারী দেশগুলো এই পথ ব্যবহার করে তাদের তেল রফতানি করে। হরমুজ প্রণালী ব্যাহত হলে মধ্যপ্রাচ্যের তেল সহজে পশ্চিমা বিশ্বের বাজারে পৌঁছানো সম্ভব হবে না। আর যুদ্ধ দীর্ঘদিন এবং এই সময়ে হরমুজ প্রণালী বন্ধ থাকলে বাংলাদেশের জ্বালানি খাতে ভয়াবহ প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হয়েছে। যদিও সরকার এ থেকে উত্তরণে রেশনিং ব্যবস্থা চালু করেছে। মোটরসাইকেলে দিনে দুই লিটার, ব্যক্তিগত গাড়িতে ১০ লিটার এবং বাস-ট্রাক ভেদে ৭০-২২০ লিটার তেল রেশনিং করার নির্দেশ দেয়া হয়েছে। রেশনিংয়ের পাশাপাশি আলোকসজ্জা কমানো এবং জরুরি আমদানি ব্যবস্থাপনার উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। এছাড়া পেট্রোল পাম্পে অতিরিক্ত চাহিদার গুজব ঠেকাতে সরকার সতর্ক অবস্থান নিয়েছে। অনেকে ডিজেল কিনে মজুত করছে। সঙ্কটের শঙ্কায় মানুষের মধ্যে ভীতি তৈরি হয়েছে। পেট্রোল স্টেশনগুলো তেল মজুত করে রাখতে পারে। কৃত্রিম সঙ্কট তৈরি ঠেকাতে নজরদারি বাড়িয়েছে সরকার

এই সাইটে কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র, অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।