বৈশাখী উৎসবের রঙে রঙিন পুরো দেশ। নববর্ষের এই মাহেন্দ্রক্ষণে বাঙালিয়ানার ষোলো কলা পূর্ণ করে ভক্তদের মাঝে ধরা দিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। জাঁকজমকপূর্ণ সাজ আর চিরায়ত স্নিগ্ধতায় নিজেকে মেলে ধরে ভক্তদের জানালেন নতুন বাংলা বছরের শুভেচ্ছা।
মঙ্গলবার (১৪ এপ্রিল) নিজের সোশ্যাল হ্যান্ডেল ফেসবুকে এক গুচ্ছ ছবি শেয়ার করেছেন অপু বিশ্বাস।প্রকাশিত সেসব ছবিতে ঐতিহ্যবাহী শাড়ি এবং দেশি আমেজে দেখা যায় তাকে। অভিনেত্রী পরিহিত সাদা রঙের শাড়িতে নীল এবং লাল রঙের জ্যামিতিক নকশার ছোঁয়া যেন বসন্ত ও বৈশাখের এক অপূর্ব সংমিশ্রণ।
শাড়ির পাড়ে গাঢ় নীল রঙের আভিজাত্য এবং হাতে পরা রঙিন কাঁচের চুড়ি অপুর সাজে এনে দিয়েছে এক অনন্য মাত্রা।
এছাড়া গলায় পরেছেন জমকালো গহনা, যা তার ব্যক্তিত্বে যোগ করেছে রাজকীয় আভা।
ছবির ক্যাপশনে চিত্রনায়িকা তার মনের অনুভূতি প্রকাশ করে লিখেছেন, ‘নতুন রঙের ছোঁয়ায় রাঙুক প্রতিটি দিন। সবাইকে জানাই বাংলা নববর্ষ ১৪৩৩-এর আন্তরিক শুভেচ্ছা। শুভ নববর্ষ।’
/কেএফ

