রাজধানীর নিউমার্কেট এলাকায় শীর্ষ সন্ত্রাসী নাইমুর হাসান টিটন (৫৭) হত্যার ঘটনায় মামলা করেছেন তার বড় ভাই সাজিদ আহমেদ রিপন। নিউমার্কেট থানায় এই মামলা দায়ের হয়েছে।
মামলায় কোনো আসামির নাম উল্লেখ করা হয়নি, তবে অজ্ঞাতনামা ৮-৯ জনকে আসামি করা হয়েছে।
ছোট ভাইয়ের খুনের খবর পেয়ে সাজিদ আহমেদ রিপন যশোর থেকে ঢাকায় এসে মামলাটি দায়ের করেন।বুধবার (২৯ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ুব।
গত মঙ্গলবার (২৮ এপ্রিল) রাত পৌনে ৮টার দিকে নিউমার্কেটের পশ্চিম পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাহনেওয়াজ ছাত্রাবাসের সামনে বটতলায় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন টিটন।
খুব কাছ থেকে দুর্বুত্তরা তাকে এলাপাতাড়ি গুলি করে হত্যা করে।
ওসি মোহাম্মদ আইয়ুব জানান, হত্যাকাণ্ডের আগে টিটন বটতলা এলাকার ওই সড়ক দিয়ে হেঁটে যাচ্ছিলেন।এ সময় মোটরসাইকেলে থাকা দুই হত্যাকারী তাকে আগে থেকেই অনুসরণ করছিল। এক পর্যায়ে সুযোগ বুঝে দুর্বৃত্তরা তাকে গুলি করে হত্যা করে দ্রুত পালিয়ে যায়।
এদিকে লাশের মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে।
সূত্র জানায়, টিটনের শরীরের মাথাসহ সাতটি গুলির চিহ্ন পাওয়া গেছে। ছয়টি বেরিয়ে গেলেও বুকে একটি গুলির অংশবিশেষ পাওয়া যায়। পরে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হলে তারা বুঝে নিয়ে মর্গ ত্যাগ করেন।
এর আগে নিউমার্কেট থানা পুলিশ টিটনের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।

